সন্ধ্যার সুর
Translated from French by Satyendranath Dutta
তীর্থরেণু
ওই গো সন্ধ্যা আসিছে আবার, স্পন্দিত-সচেতনবৃন্তে বৃন্তে ধূপাধার সম ফুলগুলি ফেলে শ্বাস;ধ্বনিতে গন্ধে ঘূর্ণি লেগেছে, বায়ু করে হাহুতাশ,সান্দ্র ফেনিল মূর্চ্ছা-শিথিল নৃত্য-আবর্ত্তন!
বৃন্তে বৃন্তে ধূপাধার সম ফুলগুলি ফেলে শ্বাস,শিহরি’ গুমরি’ বাজিছে বেহালা যেন সে ব্যথিত মন;সান্দ্র-ফেনিল মূর্চ্ছা-শিথিল নৃত্য-আবর্ত্তন!সুন্দর-ম্লান, বেদী, সুমহান্ সীমাহীন নীলাকাশ।
শিহরি’ গুমরি’ বাজিছে বেহালা যেন সে ব্যথিত মন,অগাধ আঁধার নির্ব্বাণ-মাঝে নাহি পাই আশ্বাস;সুন্দর-ম্লান বেদী সুমহান্ সীমাহীন নীলাকাশ,ঘনীভূত নিজ শোণিতে সূর্য্য হ’য়েছে অদর্শন!
অগাধ আধার নির্ব্বাণ মাঝে নাহি পাই আশ্বাস,ধরার পৃষ্ঠে মুছে গেছে শেষ আলোকের লক্ষণ;ঘনীভূত নিজ শোণিতে সূর্য্য হয়েছে অদর্শন,স্মৃতিটি তোমার জাগিছে হৃদয়ে, পড়িছে আকুল শ্বাস।