পূজা ও প্রার্থনা — ৫
গীতবিতান
দিবানিশি করিয়া যতনহৃদয়েতে রচেছি আসন—জগতপতি হে, কৃপা করি হেথা কি করিবে আগমন।অতিশয় বিজন এ ঠাঁই, কোলাহল কিছু হেথা নাই—হৃদয়ের নিভৃত নিলয় করেছি যতনে প্রক্ষালন।
বাহিরের দীপ রবি তারা ঢালে না সেথায় করধারা—তুমিই করিবে শুধু, দেব, সেথায় কিরণবরিষন।দূরে বাসনা চপল, দূরে প্রমোদ-কোলাহল—বিষয়ের মান-অভিমান করেছে সুদূরে পলায়ন।কেবল আনন্দ বসি সেথা, মুখে নাই একটিও কথা—তোমারি সে পুরোহিত, প্রভু, করিবে তোমারি আরাধন—নীরবে বসিয়া অবিরল চরণে দিবে সে অশ্রুজল,দুয়ারে জাগিয়া রবে একা মুদিয়া সজল দু’নয়ন।