পূজা — ১৪৮
গীতবিতান
বেলা গেল তোমার পথ চেয়ে।শূন্য ঘাটে একা আমি, পার ক’রে লও খেয়ার নেয়ে।
ভেঙে এলেম খেলার বাঁশি, চুকিয়ে এলেম কান্না হাসি,সন্ধ্যাবায়ে শ্রান্তকায়ে ঘুমে নয়ন আসে ছেয়ে।ও পারেতে ঘরে ঘরে সন্ধ্যাদীপ জ্বলিল রে,আরতির শঙ্খ বাজে সুদূর মন্দির-’পরে।এসো এসো শ্রান্তিহরা, এসো শান্তি-সুপ্তি-ভরা,এসো এসো তুমি এসো, এসো তোমার তরী বেয়ে।