পূজা — ১৭৪
গীতবিতান
ঘাটে বসে আছি আনমনা যেতেছে বহিয়া সুসময়—সে বাতাসে তরী ভাসাব না যাহা তোমা-পানে নাহি বয়।দিন যায় ওগো দিন যায়, দিনমণি যায় অস্তে—নিশার তিমিরে দশ দিক ঘিরে জাগিয়া উঠিছে শত ভয়।ঘরের ঠিকানা হল না গো, মন করে তবু যাই-যাই—ধ্রুবতারা তুমি যেথা জাগ সে দিকের পথ চিনি নাই।এত দিন তরী বাহিলাম যে সুদূর পথ বাহিয়া—শত বার তরী ডুবুডুবু করি সে পথে ভরসা নাহি পাই।তীর-সাথে হেরো শত ডোরে বাঁধা আছে মোর তরীখান—রশি খুলে দেবে কবে মোরে, ভাসিতে পারিলে বাঁচে প্রাণ।কবে অকূলের খোলা হাওয়া দিবে সব জ্বালা জুড়ায়ে,শুনা যাবে কবে ঘনঘোর রবে মহাসাগরের কলগান।