পূজা — ৩০৩

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

ধ্বনিল আহ্বান মধুর গভীর প্রভাত-অম্বর-মাঝে,দিকে দিগন্তরে ভুবনমন্দিরে শান্তিসঙ্গীত বাজে॥হেরো গো অন্তরে অরূপসুন্দরে, নিখিল সংসারে পরমবন্ধুরে,এসো আনন্দিত মিলন-অঙ্গনে শোভন মঙ্গল সাজে॥

কলুষ কল্মষ বিরোধ বিদ্বেষ হউক নির্মল, হউক নিঃশেষ—চিত্তে হোক যত বিঘ্ন অপগত নিত্য কল্যাণকাজে।স্বর তরঙ্গিয়া গাও বিহঙ্গম, পূর্বপশ্চিমবন্ধুসঙ্গম—মৈত্রীবন্ধনপুণ্যমন্ত্র-পবিত্র বিশ্বসমাজে॥