পূজা — ৩৯৭

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে ব’লে হেরো গো কী দশা হয়েছে—মলিন বদন, মলিন হৃদয়, শোকে প্রাণ ডুবে রয়েছে॥

বিরহীর বেশে এসেছি হেথায় জানাতে বিরহবেদনা;দরশন নেব তবে চ’লে যাব, অনেক দিনের বাসনা॥‘নাথ নাথ’ ব’লে ডাকিব তোমারে, চাহিব হৃদয়ে রাখিতে—কাতর প্রাণের রোদন শুনিলে আর কি পারিবে থাকিতে?ও অমৃতরূপ দেখিব যখন মুছিব নয়নবারি হে—আর উঠিব না, পড়িয়া রহিব চরণতলে তোমারি হে॥