পূজা — ৫৫৬

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

মন রে ওরে মন, তুমি কোন্ সাধনার ধন!পাই নে তোমায় পাই নে, শুধু খুঁজি সারাক্ষণ॥রাতের তারা চোখ না বোজে— অন্ধকারে তোমায় খোঁজে,দিকে দিকে বেড়ায় ডেকে দখিন-সমীরণ॥

সাগর যেমন জাগায় ধ্বনি, খোঁজে নিজের রতনমণি,তেমনি করে আকাশ ছেয়ে অরুণ আলো যায় যে চেয়ে—নাম ধ’রে তোর বাজায় বাঁশি কোন্ অজানা জন॥