প্রকৃতি — ৩৩
গীতবিতান
আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল, গেল রে দিন বয়ে।বাঁধন-হারা বৃষ্টিধারা ঝরছে রয়ে রয়ে।একলা বসে ঘরের কোণে কী ভাবি যে আপনমনে,সজল হাওয়া যূথীর বনে কী কথা যায় কয়ে।হৃদয়ে আজ ঢেউ দিয়েছে, খুঁজে না পাই কূল—সৌরভে প্রাণ কাঁদিয়ে তোলে ভিজে বনের ফুল।আঁধার রাতে প্রহরগুলি কোন্ সুরে আজ ভরিয়ে তুলি,কোন্ ভুলে আজ সকল ভুলি আছি আকুল হয়ে।