প্রেম — ৩১৫

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

এ তো খেলা নয়, খেলা নয়— এ যে হৃদয়দহনজ্বালা সখী।এ যে প্রাণভরা ব্যাকুলতা, গোপন মর্মের ব্যথা,এ যে কাহার চরণোদ্দেশে জীবন মরণ ঢালা।কে যেন সতত মোরে ডাকিয়ে আকুল করে—যাই-যাই করে প্রাণ, যেতে পারি নে।যে কথা বলিতে চাহি তা বুঝি বলিতে নাহি—কোথায় নামায়ে রাখি, সখী, এ প্রেমের ডালা।যতনে গাঁথিয়ে শেষে পরাতে পারি নে মালা।