বিচিত্র — ৮৭
গীতবিতান
ও জোনাকী, কী সুখে ওই ডানা দুটি মেলেছ।আঁধার সাঁঝে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ।তুমি নও তো সূর্য, নও তো চন্দ্র, তোমার তাই ব’লে কি কম আনন্দ।তুমি আপন জীবন পূর্ণ করে আপন আলো জ্বেলেছ।তোমার যা আছে তা তোমার আছে, তুমি নও গো ঋণী কারো কাছে,তোমার অন্তরে যে শক্তি আছে তারি আদেশ পেলেছ।তুমি আঁধার-বাঁধন ছাড়িয়ে ওঠ, তুমি ছোটো হয়ে নও গো ছোটো,জগতে যেথায় যত আলো সবায় আপন ক’রে ফেলেছ।