অনন্ত পথে

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

চৈতালি

বাতায়নে বসি ওরে হেরি প্রতিদিন—ছোটো মেয়ে খেলাহীন, চপলতাহীন,গম্ভীর কর্তব্যরত, তৎপরচরণেআসে যায় নিত্যকাজে; অশ্রুভরা মনেওর মুখপানে চেয়ে হাসি স্নেহভরে।আজি আমি তরী খুলি যাব দেশান্তরে;বালিকাও যাবে কবে কর্ম-অবসানেআপন স্বদেশে; ও আমারে নাহি জানে,আমিও জানি নে ওরে; দেখিবারে চাহিকোথা ওর হবে শেষ জীবসূত্র বাহি।কোন্‌ অজানিত গ্রামে কোন্‌ দূরদেশেকার ঘরে বধূ হবে, মাতা হবে শেষে,তার পরে সব শেষ—তারো পরে, হায়,এই মেয়েটির পথ চলেছে কোথায়!