তৃণ

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

চৈতালি

হে বন্ধু, প্রসন্ন হও, দূর করো ক্রোধ।তোমাদের সাথে মোর বৃথা এ বিরোধ।আমি চলিবারে চাই যেই পথ বাহিসেথা কারো তরে কিছু স্থানাভাব নাহি।সপ্তলোক সেই পথে চলে পাশে পাশে,তবু তার অন্ত নাই মহান আকাশে।তোমার ঐশ্বর্যরাশি গৃহভিত্তি-মাঝেব্রহ্মাণ্ডেরে তুচ্ছ করি দীপ্তগর্বে সাজে—তারে সেই বিশ্বপথে করিলে বাহিরমুহূর্তে সে হবে ক্ষুদ্র ম্লান নতশির;সেথা তার চেয়ে শ্রেষ্ঠ নব তৃণদলবরষার বৃষ্টিধারে সরস শ্যামল।সেথা তার চেয়ে শ্রেষ্ঠ, ওগো অভিমান,এ আমার আজিকার অতি ক্ষুদ্র গান।