দেবতার বিদায়

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

চৈতালি

দেবতামন্দির-মাঝে ভকত প্রবীণজপিতেছে জপমালা বসি নিশিদিন।হেনকালে সন্ধ্যাবেলা ধূলিমাখা দেহেবস্ত্রহীন জীর্ণ দীন পশিল সে গেহে।কহিল কাতরকণ্ঠে, ‘গৃহ মোর নাই,এক পাশে দয়া ক’রে দেহো মোরে ঠাঁই।’সসংকোচে ভক্তবর কহিলেন তারে,‘আরে আরে অপবিত্র, দূর হয়ে যা রে।’সে কহিল ‘চলিলাম।’— চক্ষের নিমেষেভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে।ভক্ত কহে, ‘প্রভু, মোরে কী ছল ছলিলে।’দেবতা কহিল, ‘মোরে দূর করি দিলে।জগতে দরিদ্ররূপে ফিরি দয়া-তরে,গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে।’