প্রথম চুম্বন

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

চৈতালি

স্তব্ধ হল দশ দিক নত করি আঁখি—বন্ধ করি দিল গান যত ছিল পাখি।শান্ত হয়ে গেল বায়ু— জলকলস্বরমুহূর্তে থামিয়া গেল, বনের মর্মরবনের মর্মের মাঝে মিলাইল ধীরে।নিস্তরঙ্গ তটিনীর জনশূন্য তীরেনিঃশব্দে নামিল আসি সায়াহ্নচ্ছায়ায়নিস্তব্ধ গগনপ্রান্ত নির্বাক্‌ ধরায়।সেইক্ষণে বাতায়নে নীরব নির্জনআমাদের দুজনের প্রথম চুম্বন।দিক্‌দিগন্তরে বাজি উঠিল তখনিদেবালয়ে আরতির শঙ্খঘণ্টাধ্বনি।অনন্ত নক্ষত্রলোক উঠিল শিহরি;আমাদের চক্ষে এল অশ্রুজল ভরি।