বাদল

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

ছবি ও গান

এক্‌লা ঘরে ব'সে আছি, কেহই নেই কাছে,সারাটা দিন মেঘ ক'রে আছে।সারাদিন বাদল হল,সারাদিন বৃষ্টি পড়ে,সারাদিন বইচে বাদল বায়।মেঘের ঘটা আকাশভরা,চারিদিক আঁধার করা,তড়িৎ-রেখা ঝলক মেরে যায়।শ্যামল বনের শ্যামল শিরে,মেঘের ছায়া নেমেছে রে,মেঘের ছায়া কুঁড়ে ঘরের পরে,ভাঙাচোরা পথের ধারে,ঘন বাঁশের বনের ধারে,মেঘের ছায়া ঘনিয়ে যেন ধরে।

বিজন ঘরে বাতায়নে,সারাটা দিন আপন মনে,ব'সে ব'সে বাইরে চেয়ে দেখি,টুপুটুপু বৃষ্টি পড়ে,পাতা হ'তে পাতায় ঝরে,ডালে ব'সে ভেজে এক্‌টি পাখী।তালপুকুরে, জলের পরে,

বৃষ্টিবারি নেচে বেড়ায়,ছেলেরা মেতে বেড়ায় জলে,মেয়েগুলি কলসী নিয়ে,চলে আসে পথ দিয়ে,আঁধারভরা গাছের তলে তলে।

কে জানে কি মনেতে আশ,উঠছে ধীরে দীর্ঘ-নিশাস,বায়ু উঠে শ্বসিয়া খসিয়া।ডালপালা হাহা করেবৃষ্টি-বিন্দু ঝ'রে পড়েপাতা পড়ে খসিয়া খসিয়া।