নৈবেদ্য — ৮২

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

তব প্রেমে ধন্য তুমি করেছ আমারেপ্রিয়তম। তবু শুধু মাধুর্য-মাঝারেচাহি না নিমগ্ন করে রাখিতে হৃদয়।আপনি যেথায় ধরা দিলে​​ স্নেহময়,বিচিত্র সৌন্দর্যডোরে, কত স্নেহে প্রেমে,কত রূপে— সেথা আমি রহিব না থেমেতোমার প্রণয়-অভিমানে। চিত্তে মোরজড়ায়ে বাঁধিব নাকো সন্তোষের ডোর।

আমার অতীত তুমি যেথা,​​ সেইখানেঅন্তরাত্মা ধায় নিত্য অনন্তের টানেসকল বন্ধন-মাঝে— যেথায় উদারঅন্তহীন শক্তি আর মুক্তির বিস্তার।

তোমার মাধুর্য যেন বেঁধে নাহি রাখে,তব ঐশ্বর্যের পানে টানে সে আমাকে।