নৈবেদ্য — ৯১

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

বাসনারে খর্ব করি দাও হে প্রাণেশ।সে শুধু সংগ্রাম করে লয়ে এক লেশবৃহতের সাথে। পণ রাখিয়া নিখিলজিনিয়া নিতে সে চাহে শুধু এক তিল।বাসনার ক্ষুদ্র রাজ্য করি একাকারদাও মোরে সন্তোষের মহা অধিকার।

অযাচিত যে সম্পদ অজস্র আকারেঊষার আলোক হতে নিশার আঁধারেজলে স্থলে রচিয়াছে অনন্ত বিভব—সেই সর্বলভ্য সুখ অমূল্য দুর্লভসব চেয়ে। সে মহা-সহজ সুখখানিপূর্ণশতদলসম কে দিবে গো আনিজলস্থল-আকাশের মাঝখান হতেভাসাইয়া আপনারে সহজের স্রোতে!