বিবিধ — ৩০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

দেশ দেশ নন্দিত করি মন্ত্রিত তব ভেরী,আসিল যত বীরবৃন্দ আসন তব ঘেরি॥দিন আগত ঐ,ভারত তবু কই?সে কি রহিল লুপ্ত আজি সব জন পশ্চাতে?লউক বিশ্বকর্ম্মভার, মিলি সবার সাথে।প্রেরণ কর, ভৈরব তব দুর্জ্জয় আহ্বান হে,জাগ্রত ভগবান হে॥

বিঘ্নবিপদ দুঃখ-দহন তুচ্ছ করিল যা’রা,মৃত্যুগহন পার হইল, টুটিল মোহ-কারা।দিন আগত ঐ,ভারত তবু কই?নিশ্চল নির্ব্বীর্য্য বাহু কর্ম্মকীর্ত্তিহীনে,ব্যর্থ শক্তি নিরানন্দ জীবনধনদীনে,প্রাণ দাও প্রাণ দাও, দাও দাও প্রাণ হে,জাগ্রত ভগবান হে॥নূতন-যুগ-সূর্য্য উঠিল ছুটিল তিমিররাত্রি,তব মন্দির-অঙ্গন ভরি মিলিল সকল যাত্রী।দিন আগত ঐ,ভারত তবু কই?গত-গৌরব হৃত-আসন নত-মস্তক লাজে,গ্লানি তার মোচন কর, নর-সমাজ মাঝে।স্থান দাও, স্থান দাও, দাও দাও স্থান হে,জাগ্রত ভগবান হে॥জনগণ-পথ তব জয়রথ-চক্র-মুখর আজি,স্পন্দিত করি’ দিগ্-দিগন্ত শঙ্খ উঠিল বাজি'।দিন আগত ঐ,ভারত তবু কই?দৈন্য জীর্ণ কক্ষ তা’র, মলিন শীর্ণ-আশা,ত্রাস-রুদ্ধ চিত্ত তা’র, নাহি নাহি ভাষা।

কোটি-মৌন-কণ্ঠপূর্ণ বাণী কর দান হে;জাগ্রত ভগবান হে॥যারা তব শক্তি লভিল নিজ অন্তর মাঝে;বর্জ্জিল ভয় অর্জিল জয় সার্থক হল কাজে।দিন আগত ঐ,ভারত তবু কই?আত্ম-অবিশ্বাস তা’র নাশ’ কঠিন ঘাতে,পুঞ্জিত অবসাদ-ভার হান’ অশনি-পাতে।ছায়া-ভয়-চকিত-মূঢ় করহ পরিত্রাণ হে,জাগ্রত ভগবান হে।