রঙ্গ
প্রহাসিনী
এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ-চার মিঠে দেখাতে পারে। যাব তোমার সঙ্গ।বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে শোন-পাপড়ি-তাহার অধিক মিঠে, কন্যা, কোমল হাতের চাপড়ি॥
এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ-চার সাদা দেখাতে পারে। যাব তোমার সঙ্গ।ক্ষীর সাদা, নবনী সাদা, সাদা মালাই রাবড়ি—তাহার অধিক সাদা তোমার পষ্ট ভাষার দাবড়ি॥
এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ-চার তিতো দেখাতে পারে। যাব তোমার সঙ্গ।উচ্ছে তিতো, পলতা তিতো, তিতো নিমের সুক্ত-তাহার অধিক তিতো যাহা বিনি ভাষায় উক্ত॥
এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ-চার কঠিন দেখাতে পারো যাব তোমার সঙ্গ।লোহা কঠিন, বজ্র কঠিন, নাগরা জুতোর তলা—তাহার অধিক কঠিন তোমার বাপের বাড়ি চলা॥
এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ-চার মিথ্যে দেখাতে পারে। যাব তোমার সঙ্গ।মিথ্যে ভেলকি, ভূতের হাঁচি, মিথ্যে কাঁচের পান্না-তাহার অধিক মিথ্যে তোমার নাকি সুরের কান্না॥