রবিবার
শিশু ভোলানাথ
সোম মঙ্গল বুধ এরা সবআসে তাড়াতাড়ি,এদের ঘরে আছে বুঝিমস্ত হাওয়া-গাড়ি?রবিবার সে কেন, মা গো,এমন দেরি করে?ধীরে ধীরে পৌছয় সেসকল বারের পরে।আকাশ-পারে তার বাড়িটিদূর কি সবার চেয়ে?সে বুঝি মা, তোমার মতোগরিব-ঘরের মেয়ে?
সোম মঙ্গল বুধের খেয়ালথাকবারই জন্যেইবাড়ি-ফেরার দিকে ওদেরএকটুও মন নেই।
রবিবারকে কে যে এমনবিষম তাড়া করে,ঘণ্টাগুলো বাজায় যেনআধ ঘণ্টার পরে।আকাশ-পারে বাড়িতে তারকাজ আছে সব চেয়ে—সে বুঝি মা, তোমার মতোগরিব-ঘরের মেয়ে?
সোম মঙ্গল বুধের যেনমুখগুলো সব হাঁড়ি,ছোটো ছেলের সঙ্গে তাদেরবিষম আড়াআড়ি।কিন্তু শনির রাতের শেষেযেমনি উঠি জেগেরবিবারের মুখে দেখিহাসিই আছে লেগে।যাবার বেলায় যায় সে কেঁদেমোদের মুখে চেয়ে—সে বুঝি মা, তোমার মতোগরিব-ঘরের মেয়ে?