জ্যোতির্বেত্তা

Aesop (620–564 a. C.)

Traducido del griego antiguo por ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (Ishwar Chandra Vidyasagar)

কথামালা

এক জ্যোতিৰ্বেত্তা, প্রতিদিন, রাত্রিতে নক্ষত্রদর্শন করিতেন। এক দিন তিনি, আকাশে দৃষ্টিপাত করিয়া, নিবিষ্ট মনে নক্ষত্র দেখিতে দেখিতে, পথে চলিয়া যাইতেছিলেন; সম্মুখে এক কুপ ছিল, দেখিতে না পাইয়া, তাহাতে পড়িয়া গেলেন। তিনি, কূপে পতিত হইয়া, নিতান্ত কাতর স্বরে, এই বলিয়া লোকদিগকে ডাকিতে লাগিলেন, ভাই রে! কে কোথায় আছ, সত্বর আসিয়া, কুপ হইতে উঠাইয়া, আমার প্রাণরক্ষা কর। এক ব্যক্তি, নিকট দিয়া, চলিয়া যাইতে ছিলেন; তিনি, তাঁহার কাতরোক্তি শুনিয়া, কুপের নিকট উপস্থিত হইলেন, এবং, পড়িয়া যাইবার কারণ জিজ্ঞাসিয়া, সমস্ত অবগত হইয়া, কহিলেন, কি আশ্চর্য্য! তুমি যে পথে চলিয়া যাও, সেই পথের কোথায় কি আছে, তাহা জানিতে পার না; কিন্তু, আকাশের কোথায় কি আছে, তাহা জানিবার জন্যে ব্যস্ত হইয়াছিলে।