ব্যথা মরমে

বিজয়চন্দ্র মজুমদার (1861–1942)

পঞ্চক মালা

ব্যথা মরমে? কথা সরমে-কেন গো,পুষি বুকে শ্বসিয়ে সারা?আঁখি পাতা সুকোমল ঢেকে রাখে ঝরা জল;বিজনে নয়নে বহে ধারা।শ্বসিছে পবন ওই তব দুখে, করুণায়;শীতলিতে ঝরে কর, সুধাকর-ঝরণায়;আমি কেঁদে গাই গান, প্রীতি দিয়ে ঢাকি প্রাণ;তবু কি রহিবে সুখ-হারা?বিনোদিনু মৃদু হাতে পরশি’ কপোল-তল,সরায়ে বাঁধিয়া দিনু উড়ে পড়া কুন্তল,জল ভরা দুটি আঁখি চুম্বনে মেখে রাখি;নাচে নাকে তবু আঁখি-তারা!