পূজা — ১১৭

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ-কাজে হে।ফিরিব আহ্বান মানিয়া তোমারি রাজ্যের মাঝে হে।মজিয়া অনুখন লালসে রব না পড়িয়া আলসে,হয়েছে জর্জর জীবন ব্যর্থ দিবসের লাজে হে।

আমারে রহে যেন না ঘিরি সতত বহুতর সংশয়ে,বিবিধ পথে যেন না ফিরি বহুল-সংগ্রহ-আশয়ে।অনেক নৃপতির শাসনে না রহি শঙ্কিত আসনে,ফিরিব নির্ভয়গৌরবে তোমারি ভৃত্যের সাজে হে॥