পূজা — ২২১
গীতবিতান
ভয়েরে মোর আঘাত করো ভীষণ, হে ভীষণ!কঠিন করে চরণ-’পরে প্রণত করো মন॥বেঁধেছে মোরে নিত্য কাজে প্রাচীরে-ঘেরা ঘরের মাঝে,নিত্য মোরে বেঁধেছে সাজে সাজের আভরণ॥
এসো হে, ওহে আকস্মিক, ঘিরিয়া ফেলো সকল দিক,মুক্ত পথে উড়ায়ে নিক নিমেষে এ জীবন।তাহার ’পরে প্রকাশ হোক উদার তব সহাস চোখ–তব অভয় শান্তিময় স্বরূপ পুরাতন॥