পূজা — ৪০১
গীতবিতান
হৃদয়বেদনা বহিয়া, প্রভু, এসেছি তব দ্বারে।তুমি অন্তর্যামী হৃদয়স্বামী, সকলই জানিছ হে—যত দুঃখ লাজ দারিদ্র্য সঙ্কট আর জানাইব কারে?অপরাধ কত করেছি, নাথ, মোহপাশে প’ড়ে—তুমি ছাড়া, প্রভু, মার্জনা কেহ করিবে না সংসারে॥সব বাসনা দিব বিসর্জন তোমার প্রেমপাথারে,সব বিরহ বিচ্ছেদ ভুলিব তব মিলন-অমৃতধারে।আর আপন ভাবনা পারি না ভাবিতে, তুমি লহো মোর ভার—পরিশ্রান্ত জনে, প্রভু, লয়ে যাও সংসারসাগরপারে॥