পূজা — ৬৭
গীতবিতান
আমি কেমন করিয়া জানাব আমার জুড়ালো হৃদয় জুড়ালো—আমার জুড়ালো হৃদয় প্রভাতে।আমি কেমন করিয়া জানাব আমার পরান কী নিধি কুড়ালো—ডুবিয়া নিবিড় গভীর শোভাতে।আজ গিয়েছি সবার মাঝারে, সেথায় দেখেছি আলোক-আসনে—দেখেছি আমার হৃদয়রাজারে।আমি দুয়েকটি কথা কয়েছি তা সনে সে নীরব সভা-মাঝারে—দেখেছি চিরজনমের রাজারে।এই বাতাস আমারে হৃদয়ে লয়েছে, আলোক আমার তনুতে
কেমনে মিলে গেছে মোর তনুতে—তাই এ গগন-ভরা প্রভাত পশিল আমার অণুতে অণুতে।আজ ত্রিভুবন-জোড়া কাহার বক্ষে দেহ মন মোর ফুরালো—যেন রে নিঃশেষে আজি ফুরালো।আজ যেখানে যা হেরি সকলেরই মাঝে জুড়ালো জীবন জুড়ালো—আমার আদি ও অস্ত জুড়ালো।