প্রকৃতি — ২০৩
গীতবিতান
বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে।দেখিস নে কি শুক্নো-পাতা ঝরা-ফুলের খেলা রে।যে ঢেউ উঠে তারি সুরে বাজে কি গান সাগর জুড়ে।যে ঢেউ পড়ে তাহারও সুর জাগছে সারা বেলা রে।বসন্তে আজ দেখ্ রে তোরা ঝরা-ফুলের খেলা রে।আমার প্রভুর পায়ের তলে শুধুই কি রে মানিক জ্বলে।চরণে তাঁর লুটিয়ে কাঁদে লক্ষ মাটির ঢেলা রে।আমার গুরুর আসন-কাছে সুবোধ ছেলে ক জন আছে।অবোধ জমে কোল দিয়েছেন, তাই আমি তাঁর চেলা রে।উৎসবরাজ দেখেন চেয়ে ঝরা-ফুলের খেলা রে।