প্রকৃতি — ২৩৮
গীতবিতান
বকুলগন্ধে বন্যা এল দখিন-হাওয়ার স্রোতে।পুষ্পধনু, ভাসাও তরী নন্দনতীর হতে।পলাশকলি দিকে দিকে তোমার আখর দিল লিখে,চঞ্চলতা জাগিয়ে দিল অরণ্যে পর্বতে।আকাশ-পারে পেতে আছে একলা আসনখানি—নিত্যকালের সেই বিরহীর জাগল আশার বাণী।পাতায় পাতায় ঘাসে ঘাসে নবীন প্রাণের পত্র আসে,পলাশ-জবায় কনক-চাঁপায় অশোকে অশ্বথে।