প্রেম — ২৫৬

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

ধূসর জীবনের গোধূলিতে ক্লান্ত মলিন যেই স্মৃতিমুছে-আসা সেই ছবিটিতে রঙ এঁকে দেয় মোর গীতি।বসন্তের ফুলের পরাগে যেই রঙ জাগে,ঘুম-ভাঙা পিককাকলিতে যেই রঙ লাগে,যেই রঙ পিয়ালছায়ায় ঢালে শুক্লসপ্তমীর তিথি।সেই ছবি দোলা খায় রক্তের হিল্লোলে,সেই ছবি মিশে যায় নির্ঝরকল্লোলে,দক্ষিণসমীরণে ভাসে, পূর্ণিমাজ্যোৎস্নায় হাসে—সে আমারি স্বপ্নের অতিথি।