নৈবেদ্য — ১৩

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

সকল গর্ব দূর করি দিব,তোমার গর্ব ছাড়িব না।সবারে ডাকিয়া কহিব, যে দিনপাব তব পদরেণুকণা।

তব আহ্বান আসিবে যখনসে কথা কেমনে করিব গোপন।সকল বাক্যে সকল কর্মেপ্রকাশিবে তব আরাধনা।সকল গর্ব দূর করি দিব,তোমার গর্ব ছাড়িব না।

যত মান আমি পেয়েছি যে কাজেসেদিন সকলি যাবে দূরে।শুধু তব মান দেহে মনে মোরবাজিয়া উঠিবে এক সুরে।

পথের পথিক সেও দেখে যাবেতোমার বারতা মোর মুখভাবেভবসংসার-বাতায়ন তলেবসে রব যবে আনমনা।সকল গর্ব দূর করি দিব,তোমার গর্ব ছাড়িব না।