নৈবেদ্য — ৩৯

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

হে রাজেন্দ্র, তব হাতে কাল অন্তহীন।

গণনা কেহ না করে, রাত্রি আর দিনআসে যায়, ফুটে ঝরে যুগযুগান্তরা।বিলম্ব নাহিকো তব, নাহি তব ত্বরা—প্রতীক্ষা করিতে জান। শত বর্ষ ধ’রেএকটি পুষ্পের কলি ফুটাবার তরেচলে তব ধীর আয়োজন। কাল নাইআমাদের হাতে; কাড়াকাড়ি করে তাইসবে মিলে, দেরি কারো নাহি সহে কভু।

আগে তাই সকালের সব সেবা প্রভু,শেষ করে দিতে দিতে কেটে যায় কাল—শূন্য পড়ে থাকে হায় তব পূজাথাল।

অসময়ে ছুটে আসি, মনে বাসি ভয়—এসে দেখি, যায় নাই তোমার সময়।