নৈবেদ্য — ৪০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

তোমার ইঙ্গিতখানি দেখি নি যখনধূলিমুষ্টি ছিল তারে করিয়া গোপন।

যখনি দেখেছি আজ তখনি পুলকেনিরখি ভুবনময় আঁধারে আলোকেজ্বলে সে ইঙ্গিত; শাখে শাখে ফুলে ফুলেফুটে সে ইঙ্গিত; সমুদ্রের কূলে কূলেধরিত্রীর তটে তটে চিহ্ন আঁকি ধায়ফেনাঙ্কিত তরঙ্গের চূড়ায় চূড়ায়দ্রুত সে ইঙ্গিত; শুভ্রশীর্ষ হিমাদ্রিরশৃঙ্গে শৃঙ্গে উর্ধ্বমুখে জাগি বহে স্থিরস্তব্ধ সে ইঙ্গিত।

তখন তোমার পানেবিমুখ হইয়া ছিনু কী লয়ে কে জানে।

বিপরীত মুখে তারে পড়েছিনু, তাইবিশ্বজোড়া সে লিপির অর্থ বুঝি নাই।