নৈবেদ্য — ৭৯

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

তোমারে বলেছে যারা, পুত্র হতে প্রিয়,বিত্ত হতে প্রিয়তর,​​ যা-কিছু আত্মীয়সব হতে প্রিয়তম নিখিল ভুবনে,আত্মার অন্তরতর— তাঁদের চরণেপাতিয়া রাখিতে চাহি হৃদয় আমার।

সে সরল শান্ত প্রেম গভীর উদার—সে নিশ্চিত নিঃসংশয়,সেই সুনিবিড়সহজ মিলনাবেগ,​​ সেই চিরস্থিরআত্মার একাগ্র লক্ষ্য,​​ সেই সর্ব কাজেসহজেই সঞ্চরণ সদা তোমা-মাঝেগম্ভীর প্রশান্ত চিত্তে,​​ হে অন্তরযামী,কেমনে করিব লাভ।​​ পদে পদে আমিপ্রেমের প্রবাহ তব সহজ বিশ্বাসেঅন্তরে টানিয়া লব নিশ্বাসে নিশ্বাসে।