প্রত্যাশা — ৪

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া,সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া॥

দিনের পর দিন চ’লে যায় যেন তা’রা পথের স্রোতেই ভাসা,বাহির হ’তেই তাদের যাওয়া-আসা;কখন আসে একটি সকাল সে যেন মোর ঘরেই বাঁধে বাসা,সে যেন মোর চিরদিনের চাওয়া॥হারিয়ে-যাওয়া আলোর মাঝে কণা কণা কুড়িয়ে পেলাম যারেরইল গাঁথা মোর জীবনের হারে।সেই যে আমার জোড়া-দেওয়া ছিন্ন দিনের খণ্ড আলোর মাল৷সেই নিয়ে আজ সাজাই আমার থালা।এক পলকের পুলক যত, এক নিমেষের প্রদীপখানি জ্বালা,একতারাতে আধখান। গান গাওয়া॥